মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ২৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৩৫, ৯ জুন ২০২৬

কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের ভোলাইল মিষ্টির দোকান এলাকায় অবস্থিত কল্যাণী খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। 

মঙ্গলবার (৯ জুন) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে খালের ওপর ও তীরবর্তী এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে খালের বিভিন্ন অংশ দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ ছিল। এসব অবৈধ দখলের কারণে খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি জলাবদ্ধতা ও পরিবেশগত নানা সমস্যা সৃষ্টি হচ্ছিল। এ প্রেক্ষাপটে খাল পুনরুদ্ধার এবং দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান শুরু করা হয়।

অভিযানের সময় খালের ওপর ও তীরবর্তী এলাকায় নির্মিত অবৈধ স্থাপনার অংশবিশেষ অপসারণ করা হয়। এর মধ্যে কয়েকটি বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান ও গার্মেন্টস কারখানার অবৈধ স্থাপনাও রয়েছে। পাশাপাশি ব্যক্তিমালিকানাধীন বিভিন্ন স্থাপনার দখলকৃত অংশ উচ্ছেদের কার্যক্রম শুরু করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ জানান, কল্যাণী খাল সম্পূর্ণভাবে দখলমুক্ত না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে। খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।