বুধবার, ১০ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ২৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

হাজীগঞ্জ–নবীগঞ্জ সেতু: চলছে ফিজিবিলিটি স্টাডি ও ডিজাইন প্রণয়ন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:১৪, ৯ জুন ২০২৬

হাজীগঞ্জ–নবীগঞ্জ সেতু: চলছে ফিজিবিলিটি স্টাডি ও ডিজাইন প্রণয়ন

ফাইল ছবি

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর ওপর হাজীগঞ্জ–নবীগঞ্জ ফেরিঘাট অংশে সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। দীর্ঘদিনের এই গুরুত্বপূর্ণ রুটে স্থায়ী সেতু নির্মাণে প্রাথমিক পর্যায়ে ফিজিবিলিটি স্টাডি ও ডিটেইল ডিজাইন প্রণয়নের কার্যক্রম চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (৮ জুন) জাতীয় সংসদ অধিবেশনে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালামের দৃষ্টি আকর্ষণমূলক নোটিশের জবাবে মন্ত্রী একথা জানান।

মন্ত্রী জানান, হাজীগঞ্জ–নবীগঞ্জ ফেরিঘাট অংশে শীতলক্ষ্যা নদীর প্রস্থ প্রায় ৩৫০ মিটার। বর্তমানে এই রুটে সড়ক ও জনপথ অধিদপ্তরের ব্যবস্থাপনায় ফেরি চলাচল অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) এবং বিস্তারিত নকশা (ডিটেইল ডিজাইন) প্রণয়নের কাজ চলমান রয়েছে। এসব ধাপ সম্পন্ন হওয়ার পর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুতের কার্যক্রম শুরু করা হবে।

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম জানান, শীতলক্ষ্যার দুই পাড়ের বাসিন্দারা দীর্ঘদিন ধরে ফেরিঘাট এলাকায় সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন। সেতুটি বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জ শহর ও বন্দর উপজেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে, সময় ও খরচ কমবে এবং স্থানীয় অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে।