ফাইল ছবি
স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীসহ যেকোনো ব্যক্তি আইন ও নির্বাচন কমিশনের নির্ধারিত শর্ত পূরণ করলে প্রার্থী হতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে সরকার নীতিগতভাবে আগ্রহী। এখানে ব্যক্তি বা দলীয় পরিচয়ের চেয়ে নির্বাচন কমিশনের নির্ধারিত যোগ্যতা ও আইনগত কাঠামোই মূল বিষয় হিসেবে বিবেচিত হবে।
জাহেদ উর রহমান আরও বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে। নির্বাচন কমিশনও তাদের সাংবিধানিক দায়িত্ব অনুযায়ী স্বাধীনভাবে কাজ পরিচালনা করবে।
তার এ বক্তব্যকে ঘিরে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অংশগ্রহণ ও সম্ভাব্য প্রতিযোগিতা নিয়ে নতুন আলোচনা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

