একসঙ্গে কাজ করার অঙ্গীকার
রাজনৈতিক মতপার্থক্য থাকলেও নারায়ণগঞ্জের উন্নয়ন ও স্বার্থের প্রশ্নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপি ও এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা।
বৃহস্পতিবার (৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
পোস্টের সঙ্গে প্রকাশিত একটি ছবিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একসঙ্গে সময় কাটাতে দেখা যায় নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনকে।
এ সময় অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, রাজনৈতিক মতভিন্নতা থাকতে পারে। কিন্তু নারায়ণগঞ্জের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ।
রাজনৈতিকভাবে ভিন্ন অবস্থানে থাকা জনপ্রতিনিধিদের এমন সৌহার্দ্যপূর্ণ অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকেই। জেলার উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা গেলে নারায়ণগঞ্জ আরও এগিয়ে যাবে।
এদিকে তিন সংসদ সদস্যের একসঙ্গে উপস্থিতি ও ঐক্যের বার্তা স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই এটিকে জেলার বৃহত্তর স্বার্থে সহযোগিতামূলক রাজনীতির ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

