ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল মিয়া (৫৫) নামের এক রোগীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। বুধবার (৩ জুন) রাত ১০টার দিকে উপজেলার হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় এভারগ্রীন মাদক নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা হাসপাতালে মরদেহ ফেলে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে তালা দিয়ে পালিয়ে যায়। নিহত ফয়জুল মিয়া উপজেলার কাচঁপুর বেহাকৈর এলাকার ফোছন আলীর ছেলে।
নিহত ফয়জুল মিয়ার স্ত্রী মাসুদা বেগম জানান, তার স্বামীকে মাদক থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ওই কেন্দ্রে ভর্তি করেন। ঈদের পর দিন তাকে খাবার দিয়ে যান। বুধবার রাতে খবর পেয়ে হাসপাতালে এসে দেখেন মৃত অবস্থায় পড়ে আছেন।
তিনি দাবি করেন, মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের লোকজনের নির্যাতনেই তার স্বামীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার জানান, ঘটনাস্থলে অভিযান চালানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্যাতনেই মৃত্যু হয়েছে। ফয়জুলের শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।

