ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩ জুন) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে সোনারগাঁও থানাধীন বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া (নতুন গ্রাম) এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মোঃ সাগর বাদশা (৩৪) কুমিল্লার মেঘনা উপজেলার চালিবাংগা গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে।
অভিযানকালে বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকার মনির হোসেনের মুদির দোকানের সামনে ঢালাই করা রাস্তা থেকে সাগর বাদশাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ৫ গ্রাম। উদ্ধারকৃত মাদক জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃত সাগর বাদশা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

