শনিবার, ০৬ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ২১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সারা দেশে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালুর পরিকল্পনা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর, নারায়ণগঞ্জে টিম খোরশেদের উদ্যোগ উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫৪, ৫ জুন ২০২৬

সারা দেশে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালুর পরিকল্পনা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর, নারায়ণগঞ্জে টিম খোরশেদের উদ্যোগ উদ্বোধন

ফ্রি অ্যাম্বুলেন্স সেবা

​নারায়ণগঞ্জে টিম খোরশেদের ফ্রি অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রম থেকে শিক্ষা নিয়ে সারা দেশে কীভাবে এমন অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা যায়, তা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করার কথা জানিয়েছেন তাঁর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। 

একই সাথে চিকিৎসাভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থাকে প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থায় রূপান্তর এবং আগামীতে বিভাগীয় শহরগুলোতে ৭ থেকে ৮টি সুপারস্পেশালাইজড হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি। 

শুক্রবার (৫ জুন) বিকেলে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই ফ্রি অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

​শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম খোরশেদ।

​উদ্বোধনকালে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার আরও বলেন, ঢাকার সুপারস্পেশালাইজড হাসপাতালের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। তবে নারায়ণগঞ্জের ক্ষেত্রে মেডিকেল কলেজের চেয়ে আগে একটি সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রয়োজন, যেখানে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের মতো জরুরি স্বাস্থ্য সেবা দেওয়া সম্ভব হবে।

​নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, মানবসেবা প্রত্যেক মানুষের পরম ধর্ম। আমাদের সবাইকে মানবতার সেবায় আত্মনিয়োগ করতে হবে। টিম খোরশেদের যেকোনো ভালো ও মানবিক কাজের পাশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সবসময় থাকবে।

​টিম খোরশেদের প্রতিষ্ঠাতা পরিচালক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ জানান, শহরে বেসরকারিভাবে প্রায় ৫০টি অ্যাম্বুলেন্স থাকলেও বন্দর, সিদ্ধিরগঞ্জ বা ফতুল্লার মতো অঞ্চলের মানুষ এই সেবা থেকে বঞ্চিত। অনেকে টাকার অভাবে অ্যাম্বুলেন্স নিতে পারেন না বলেই এই ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে এবং আগামী দুই-এক মাসের মধ্যে ওই তিন অঞ্চলেও তিনটি অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হবে।

​তিনি অনুষ্ঠানে কিছু জরুরি দাবি তুলে ধরে বলেন, ​রাস্তার পাশে পড়ে থাকা অজ্ঞাত রোগীদের সরকারি হাসপাতালে চিকিৎসার সুবিধার্থে একটি আলাদা ওয়ার্ড রাখা প্রয়োজন।​অজ্ঞাতদের মৃত্যুর পর দাফন সম্পন্ন করতে নানা জটিলতায় প্রায় ৪৮ ঘণ্টা সময় লেগে যায়, যা দ্রুত নিরসন করা দরকার।​পাঠানটুলি কবরস্থানের মতো মাসদাইর কবরস্থানেও অজ্ঞাতদের দাফনের ব্যবস্থা করার জন্য তিনি নাসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।

​নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন আহমদ বলেন, বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা হওয়া সত্ত্বেও নারায়ণগঞ্জ স্বাস্থ্য ও অন্যান্য খাতে অবহেলিত। তিনি প্রধান অতিথির কাছে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে মেডিকেল শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা করার অনুরোধ জানান, যাতে নারায়ণগঞ্জবাসী চিরকৃতজ্ঞ থাকে।

​নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেন, করোনাকালীন বৈশ্বিক সংকটে মানুষ যখন ভীতসন্ত্রস্ত ছিল, তখন টিম খোরশেদ যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিল তা শুধু দেশেই নয়, সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। এর জন্য নারায়ণগঞ্জবাসী গর্বিত এবং আগামীতেও এই মানবিক কাজের পাশে তারা রাজনৈতিক ও সরকারি দল হিসেবে থাকবেন।

​উদ্বোধনী অনুষ্ঠানে মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।