ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাফেজ আব্দুল মোমিনের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি সাবেক ছাত্র নেতা ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি এবং মহানগরী জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীল হিসেবে নিয়োজিত আছেন।
৫ জুন (শুক্রবার) সকালে এনায়েতনগর ইউনিয়নের এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার এই ঘোষণা দেন। স্থানীয় ইউনাইটেড ক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা আবদুল জব্বার এনায়েতনগর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের সেবায় হাফেজ আব্দুল মোমিনকে জামায়াতের একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন। একই সাথে ইউনিয়ন পরিষদের ৬টি ওয়ার্ডের মেম্বার (ইউপি সদস্য) পদপ্রার্থীদের নামও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এনায়েতনগর ইউনিয়নকে একটি আদর্শ, আধুনিক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতেই হাফেজ আব্দুল মোমিনের মতো একজন সৎ, যোগ্য ও নিবেদিতপ্রাণ নেতাকে প্রার্থী করা হয়েছে। শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে কাজ করার সুবাদে এলাকায় তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে স্থানীয় জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোনাজাত ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

