ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দরে পরকীয়া সম্পর্ক ও তালাককে কেন্দ্র করে প্রাক্তন স্বামীর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। হামলায় বন্দর উপজেলাধীন কলাগাবাগ এলাকার মো. সাইফুল ইসলাম (৪২) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জাউতলা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত সাইফুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বন্দর কলাবাগ এলাকার মৃত আব্দুল জব্বার মাস্টারের ছেলে সাইফুল ইসলামের স্ত্রী মোছা. রাবেয়ার (৩৪) সঙ্গে স্থানীয় শাহী মসজিদ এলাকার রোহান (২৬) নামে এক যুবকের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলার পর প্রায় ছয় মাস আগে সাইফুল ইসলাম নিয়ম অনুযায়ী স্ত্রীকে তালাক দেন।
অভিযোগে বলা হয়, শুক্রবার সকালে জাওতলা এলাকা দিয়ে যাওয়ার সময় রোহান সাইফুল ইসলামের পথরোধ করে। একপর্যায়ে টাকা দিলে সাবেক স্ত্রী রাবেয়ার সঙ্গে পুনরায় মিলনের ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাব দেয়। সাইফুল ইসলাম ওই প্রস্তাবে রাজি না হয়ে স্পষ্টভাবে জানিয়ে দেন যে তিনি আর রাবেয়ার সঙ্গে সংসার করতে ইচ্ছুক নন।
এতে ক্ষুব্ধ হয়ে রোহান তার সহযোগী আব্দুল্লাহ (২৬), কামাল (৩৪) এবং আরও ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তিকে ঘটনাস্থলে ডেকে আনে। পরে তারা লোহার এসএস পাইপ দিয়ে সাইফুল ইসলামের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও রক্তাক্ত জখম হয়।
একপর্যায়ে প্রধান অভিযুক্ত রোহান হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র রামদা দিয়ে সাইফুল ইসলামের মাথায় কোপ দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তার মাথায় গুরুতর ক্ষত সৃষ্টি হয় এবং প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় সাইফুল ইসলামকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতের মাথায় গভীর ক্ষত হওয়ায় তিনটি সেলাই দিতে হয়েছে।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ বলেন,লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

