থানা কার্যালয়ে সম্মেলন
‘মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র’—এই স্লোগানকে সামনে রেখে শরিয়াহভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠন ও জনপ্রত্যাশা পূরণের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা শাখার উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকালে বন্দর আইএবি মিলনায়তন ও থানা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা শাখার সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাসুদ রানার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব ফারুক আহমাদ মুন্সি।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মুফতি শিব্বির আহমাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার অর্থ সম্পাদক মুহাম্মদ মাকসুদুল হাসান ও সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী। এ ছাড়া বন্দর থানা ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনের একপর্যায়ে প্রধান অতিথি আলহাজ্ব ফারুক আহমাদ মুন্সি ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা শাখার ২০২৫-২৬ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
পরে সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে মুহাম্মদ মাসুদ রানাকে সভাপতি এবং তাজুল ইসলাম খোকনকে সেক্রেটারি নির্বাচিত করা হয়।
সম্মেলনে বক্তারা জনপ্রত্যাশা পূরণ, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং শরিয়াহভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠনের লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

