এডভোকেট আবুল কালাম
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম বলেছেন, মেহেরবানি করে আপনারা সংবাদ পরিবেশনের দিকে নিয়োজিত হলে সমাজ উপকৃত হবে। আপনাদের মাধ্যমে অনেক কিছু উঠে আসছে এখন। আমি আশা করবো আপনারা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কোয়ালিটি কন্ট্রোল করা দরকার। যারা সাংবাদিকতায় আসছে কতজন কোয়ালিটি সম্পন্ন হয়ে পেশাতে আছে। এটা তদারকি করার দরকার। হলুদ সাংবাদিকতার কারণে আপনাদের ভাবমূর্তিই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনাদের নিজের প্রতিরক্ষার জন্য এটা করুন। সংবাদ পরিবেশন করুন, সংবাদ সৃষ্টি করবেন না।
শনিবার (২৯ আগষ্ট) বিকেলে লয়েল ট্যাংক ও শহীদ সোহরাওয়ার্দী সড়ক পঞ্চায়েত কমিটির অভিষেক অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমাদের মাঝে এখন পাঞ্চায়েত ব্যাবস্থাটা নেই। এটা আগে ছিল। পঞ্চায়েত ব্যাবস্থাটা তাৎক্ষণিক সমাধানের একটা প্রক্রিয়া ছিল। আপনাদের সকলকে এখানে পেয়ে আমি আনন্দিত। চুরি, ছিনতাই, কিশোরগ্যাং, মাদক সমস্যা এই সব বিষয়গুলো আমাদের ঘাড়েই চলে আসে। এটা স্বাভাবিক।
তিনি বলেন, আমাদের প্রশাসন একটি শেপের মধ্যে এসেছে। সময় লাগবে, তবে দ্রুত পরিস্থিতি বিগত দিনের চেয়ে ভাল দিকে যাচ্ছে।
নৈতিক শিক্ষা বিলীন হয়ে যাওয়ায় আমাদের যুব সমাজের মানবিক মূল্যবোধ চলে গেছে। আমাদের সমাজের আজকের এই অবস্থার পেছনে কারণ হল আমাদের ছেলে মেয়েদের চিত্তবিনোদনের জায়গাটা কোথায়। এর ফলে আমাদের প্রজন্মটা এমন হয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, আমরা জানি আমাদের ছেলে মেয়েরা রাত দশটার পরে কোথায় যায়। কারা নদী ভ্রমনে সময় কাটায়, নদীর পাড়ে যুগলবন্দী হয়ে সময় কাটায়। আমরা কিন্তু সকলেই জানি৷ কিন্তু আমরা এড়িয়ে চলি কারণ আমরা ভয় পাই।

