সোমবার, ১৭ আগস্ট ২০২৬

|

ভাদ্র ১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জ সদরে শুরু হলো ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:০৮, ১৭ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জ সদরে শুরু হলো ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

প্রশিক্ষণ কর্মশালা

নারায়ণগঞ্জ সদর উপজেলায় শুরু হয়েছে ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচি। "Climate Resilient Campus Initiative" এর আওতায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে উপজেলা পরিষদের নিজস্ব অর্থায়নে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সোমবার অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব এস এম ফয়েজ উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ এবং এই যুগে টিকে থাকতে হলে তরুণ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন করতে হবে। তিনি আরও বলেন, ফ্রিল্যান্সিং এখন শুধু বিকল্প আয়ের উৎস নয়, বরং একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যার মাধ্যমে ঘরে বসেই আন্তর্জাতিক বাজারে কাজ করে আয় করা সম্ভব।

উপজেলা প্রশাসন জানায়, এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন মোট ২০ জন প্রশিক্ষণার্থী। প্রশিক্ষণের মূল লক্ষ্য নতুন উদ্যোক্তা তৈরি এবং বেকার তরুণ-তরুণীদের মধ্যে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করার মতো প্রাথমিক দক্ষতা অর্জন করবেন বলে আশা করছেন আয়োজকরা।

উল্লেখ্য, "Climate Resilient Campus Initiative" এর আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় সক্ষম করে তোলার পাশাপাশি শিক্ষার্থী ও তরুণদের বিকল্প কর্মসংস্থানের দক্ষতায় সজ্জিত করার উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে উপজেলা পরিষদের অর্থায়নে এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ২০ দিনব্যাপী এই প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হবে বলেও জানা গেছে।