ফাইল ছবি
ঐতিহাসিক কদম রসূল দরগাহ শরীফ উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী নবীগঞ্জ মেলায় আগত দর্শনার্থীরা চরম ভোগান্তি ও নিরাপত্তার সংকটের মুখোমুখি হয়েছেন। লাখো মানুষের সমাগমে মুখর এই মেলা প্রাঙ্গণে অপ্রশস্ত যাতায়াত ব্যবস্থা, অতিরিক্ত যাত্রী নিয়ে নৌ চলাচল এবং চোর-পকেটমারদের উপদ্রবে দর্শনার্থীদের আনন্দ বিষাদে রূপ নিয়েছে।
মেলা ঘুরে ও দর্শনার্থীদের সাথে কথা বলে জানা গেছে, মেলায় আসা সাধারণ মানুষের জন্য প্রধান ভোগান্তির কারণ নবীগঞ্জ জেটি সংলগ্ন যাতায়াতের রাস্তাটি। রাস্তাটি অত্যন্ত সরু হওয়ায় একসঙ্গে তিন-চারজন মানুষের পক্ষেও পাশাপাশি চলাচল করা অসম্ভব হয়ে পড়ে, যার ফলে পুরো এলাকায় তীব্র যানজট ও গাদাগাদি পরিস্থিতির সৃষ্টি হয়। এছাড়া নদী পারাপারের সময় একটিমাত্র নৌকায় ধারণক্ষমতার বাইরে প্রায় ৪০ জন পর্যন্ত যাত্রী বহন করা হচ্ছে, যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে। ফেরিঘাট এলাকায় তিল ধারণের মতো কোনো জায়গা নেই।
নিরাপত্তার বিষয়টি নিয়ে দর্শনার্থীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মেলা প্রাঙ্গণে সক্রিয় পকেটমার ও চোর চক্রের দৌরাত্ম্য চরমে পৌঁছেছে। ভুক্তভোগী তল্লা এলাকার বাসিন্দা জব্বার জানান, মেলায় ভিড়ের মধ্যে তার পকেট থেকে মানিব্যাগ ও মোবাইল ফোন চুরি হয়ে গেছে। শুধু তিনিই নন, এমন আরও বহু দর্শনার্থীর মোবাইল ও দামি মানিব্যাগ চুরি বা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান ও কঠোর তৎপরতার অভাবে জুয়ার আসর বসার মতো অবৈধ কার্যক্রমও নজরে এসেছে।
মেলায় আসা ক্ষুব্ধ দর্শনার্থীরা আক্ষেপ করে জানান, ঐতিহ্যবাহী এই মেলায় বিনোদনের উদ্দেশ্যে এসে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। প্রশাসনের নজরদারি ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা না থাকায় মেলায় আসা মানুষরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অবিলম্বে মেলা প্রাঙ্গণে পর্যাপ্ত পুলিশি পাহারা জোরদার, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন এবং অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী ও দর্শনার্থীরা।

