ফাইল ছবি
নারায়ণগঞ্জে অপরিকল্পিত নগরায়ন রোধ এবং পরিবেশবান্ধব ও টেকসই নগর অবকাঠামো গড়ে তুলতে ভবন ও ইমারতের নকশা অনুমোদনের মূল দায়িত্ব পালন করবে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (নাউক)।
এই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক ভূমিকা হিসেবে পূর্বের কাগজপত্র দিয়ে ও সার্বিক সহযোগিতা প্রদান করবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।
ইতোমধ্যে দেশের নতুন গঠিত উন্নয়ন কর্তৃপক্ষগুলোর আওতায় পরিকল্পিত নগরায়ণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। যার অংশ হিসেবে সম্প্রতি ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মাউক) এলাকাভিত্তিক মাস্টারপ্ল্যান ও ভবনের নকশা অনুমোদনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে।
ময়মনসিংহে এ কার্যক্রম বাস্তবায়নের ধারাবাহিকতায় নারায়ণগঞ্জেও এখন থেকে উন্নয়ন কর্তৃপক্ষের অধীনেই সুনির্দিষ্ট প্রক্রিয়ায় সব ধরণের বহুতল ভবন ও ইমারতের নকশা অনুমোদন দেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে পৌরসভার পর পর্যায়ক্রমে সিটি করপোরেশন এলাকার ভবন নির্মাণের নকশা পাস বা অনুমোদন প্রক্রিয়া সামলে আসছিল। তবে নগর পরিকল্পনাকে সুদূরপ্রসারী, আধুনিক ও সুশৃঙ্খল করতে সরকার উন্নয়ন কর্তৃপক্ষগুলোকে ইমারত নির্মাণের মাস্টারপ্ল্যান প্রণয়ন ও নকশা অনুমোদনের আইনি এখতিয়ার প্রদান করেছে।
এই প্রক্রিয়ায় নারায়ণগঞ্জের নাগরিকরা তাদের আবাসিক বা বাণিজ্যিক ভবনের জন্য নির্ধারিত নীতিমালা মেনে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে প্ল্যান বা নকশা ছাড়পত্র সংগ্রহ করবেন।
অন্যদিকে, সিটি করপোরেশন নগরীর ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তাঘাট এবং সার্বিক সামাজিক সুবিধা ও সমন্বয় নিশ্চিত করে উন্নয়ন কর্তৃপক্ষকে পূর্ণ সহায়তা জোগাবে।
সংশ্লিষ্টদের মতে, দুই সংস্থার এই যৌথ সমন্বয় ও সঠিক দায়িত্ব বণ্টনের ফলে নারায়ণগঞ্জে নকশাবহির্ভূত বা অবৈধ ভবন নির্মাণ অনেকাংশে কমে আসবে এবং একটি আধুনিক, নিরাপদ ও পরিকল্পিত শিল্পনগরী হিসেবে নারায়ণগঞ্জকে গড়ে তোলা সহজ হবে।

