মাসুকুল ইসলাম রাজীব
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, জুলাইয়ের চেতনা নিয়ে আমরা অনেক কথা বলি। তবে আচার আচরণে সেটা লক্ষ্য করতে পারি না। আপনি শ্রদ্ধাভাজনদের, সিনিয়রদের যা খুশি তা বলবেন বাজে আচরণ করবেন, এটা জুলাইয়ের চেতনা নয়। শুধু চেতনার কথা বললে হবে না, এটা সকলের মাঝে ধারণ করতে হবে।
শনিবার (২৯ আগষ্ট) বিকেলে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা সংসদে দেখি একজন বক্তব্য দিতে গেলে সবাই মিলে বিরোধিতা করে। আবার তাদের বক্তব্য দেয়ার সময় একজন কথা বললে সেটাকে তারা অশোভন বলে।
তিনি আরও বলেন, অনেকে বলে স্বৈরাচারের আমলেও নাকি এমন নির্যাতন হয়নি, কী ধরনের মিথ্যাচার। আপনারা বলতে পারেন যারা বিরোধীদলে আছে গত ছয় মাসে কারও নামে একটা ভুয়া মামলা হয়েছে? কাউকে জেলে যেতে হয়েছে? হয়নি। তাহলে কেন আপনারা ফ্যাসিবাদের সাথে তুলনা করতে যান।
আমরা সকলে একসাথে লড়াই করেছি এ দেশটিকে বিনির্মান করার জন্য। যখন সামান্য বিষয়ে একে অপরকে ফ্যাসিস্ট বলে ফেলি তখন জাতি হিসেবে হতাশা সৃষ্টি হয়।
তিনি বলেন, আমরা প্রত্যাশা করি জুলাইয়ে যারা সাহসী ভূমিকা পালন করেছেন তারা অন্যায়কে অন্যায় হিসেবেই দেখবেন। আমার দলের কেউ অন্যায় করলে সেটা অবশ্যই বলবেন। তবে যেটা ন্যায় সেটাও বলতে হবে।

