ফাইল ছবি
নারায়ণগঞ্জে বৃহত্তম কম্বল ব্যবসায়ী সমিতির সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের কার্যক্রম, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়।
শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় সাইনবোর্ড এলাকার গ্র্যান্ড চাঁদনী পার্টি সেন্টারে এ সাধারণ সভার আয়োজন করে বৃহত্তম কম্বল ব্যবসায়ী সমিতি।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কাজী এ কে আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারিজাত ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. ওয়াহিদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ পাটোয়ারী। এ সময় সমিতির সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন রাকিবসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে কাজী এ কে আজাদ বলেন, ‘যে কোনো সংগঠন পরিচালনা করতে গেলে নানা ধরনের ভুল-ভ্রান্তি থাকতে পারে। আমাদেরও ভুল থাকতে পারে। আমরা ভুলের ঊর্ধ্বে নই। বিভিন্ন সময়ে আমরা নানা প্রশ্নের সম্মুখীন হয়েছি এবং সেসব প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছি।’
তিনি বলেন, ‘আমাদের কমিটির মেয়াদ শেষ হয়েছে। এখন সমিতির কল্যাণে সকলে মিলে সুন্দর একটি কমিটি গঠন করে সদস্যদের উপহার দেবেন, এটাই আশা করি। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে সব জায়গায় সম্মানিত হওয়া যায়। তাই নিজেদের একটি ভালো অবস্থান তৈরি করতে হলেও আমাদের সবাইকে একসঙ্গে ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
সভায় ব্যবসায়ী সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, সদস্যদের স্বার্থ রক্ষা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তব্য শেষে সমিতির বর্তমান কমিটির কার্যকাল শেষ হওয়ায় সভাপতি কাজী এ কে আজাদ কমিটির বিলুপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য, ২০২২ সালে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পারিজাত সিটি মার্কেটকে কেন্দ্র করে বৃহত্তম কম্বল ব্যবসায়ী সমিতির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি কম্বল ব্যবসায়ীদের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কাজ করে আসছে।

