ফাইল ছবি
চট্টগ্রামের আগ্রাবাদ হাজিপাড়ায় গভীর রাতে ট্রাক নিয়ে দোকানের তালা ও শাটার ভেঙে আইপিএস ও ব্যাটারি চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় চুরি করা ৩২টি আইপিএস ও ৩৭টি ব্যাটারি নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করা হয়।
শনিবার তাদের চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। আসামিরা হলেন- মো. ফরিদ, মো. ফয়সাল, মো. সোহাগ ও মো. শাহীন আলম।
ডবলমুরিং থানার ওসি শাহীনূল আলম সমকালকে বলেন, রাতে দোকানের তালা ও শাটার ভেঙে আইপিএস ও ব্যাটারি চুরির মামলা হওয়ার পর সিসিটিভি সংগ্রহ করে চোর চক্রের সদস্যদের শনাক্ত করে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করি। তাদের হেফাজত থেকে চুরি হওয়া আইপিএস ও ব্যাটারি উদ্ধার করেছি। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিদিনের মতো গত ১৯ আগস্ট রাত ১১টায় আগ্রাবাদ হাজিপাড়াস্থ এক্সেস রোডের থাকা হাজী ব্যাটারি হাউস তালাবদ্ধ করে বাসায় চলে যান ব্যবসায়ী শামীম হোসেন। তার দোকানের পার্শ্ববর্তী সাউথ ইস্ট ব্যাংকের দারোয়ান গুলজার ২০ আগস্ট ভোরে ফোন করে দোকান মালিককে জানান, তার দোকানে চুরি হয়েছে। দোকান মালিক এসে দেখেন- তালা, শাটার ও গ্রাস ভেঙে দোকানের মালামাল চুরি করে নিয়ে গেছে। দেখতে পান দোকান থেকে ৬৩টি ব্যাটারি এবং ৩২টি আইপিএস চুরি করে নিয়ে গেছেন। যার দাম ১৫ লাখ ৬০ হাজার ৫০০ টাকা। বিগত তিন বছর যাবত তিনি ব্যবসা করলেও এই প্রথম তার দোকানে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ২৮ আগস্ট বনানী থানার কড়াইল বস্তি এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত মো. ফরিদকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আসামি মো. ফয়সালকে গ্রেপ্তার করা হয়। এভাবে মো. সোহাগকে গ্রেপ্তার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার আলনূর মসজিদ গলি এলাকার গোডাউন থেকে ৩২টি আইপিএস এবং বন্দর থানা এলাকা থেকে ১৩টি ব্যাটারি উদ্ধার করা হয়।

