ফাইল ছবি
নির্ধারিত সময়ের আগেই সভাস্থলে পৌঁছে গিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তবে সভার প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত হওয়ার পরও তখনো অন্য কয়েকজন সংসদ সদস্য সভাস্থলে পৌঁছাননি। ফলে নির্ধারিত সময় ঘনিয়ে এলেও অতিথিদের অপেক্ষায় থাকতে হয় প্রতিমন্ত্রীকে।
সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অন্যান্য বিষয় নিয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের।
সকাল ৯টা ২৩ মিনিটের দিকে সভাস্থলে পৌঁছান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এসময় জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির ও মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু হাবিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। তবে তার আগে সকাল সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে উপস্থিত হন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
নির্ধারিত সময় সকাল সাড়ে ৯টা ঘনিয়ে এলেও প্রধান অতিথি ও এমপি কালাম ছাড়া অন্য সংসদ সদস্য তখনো সভাস্থলে উপস্থিত হননি। ফলে সভা শুরুর আগে কিছু সময় অপেক্ষা করতে হয় প্রতিমন্ত্রীকে।
পরে একে একে সংসদ সদস্যরা সভাস্থলে পৌঁছাতে শুরু করেন। তাদের মধ্যে নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ এবং নারায়ণগঞ্জ-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনও পরে সভায় যোগ দেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সমস্যা চিহ্নিত করে তা সমাধানে করণীয় নিয়েও মতবিনিময় করা হয়।
তবে সভার শুরুতেই প্রধান অতিথির উপস্থিতির পরও সংসদ সদস্যদের জন্য অপেক্ষার বিষয়টি উপস্থিতদের মধ্যে আলোচনার জন্ম দেয়। নির্ধারিত সময়ের আগে একজন সংসদ সদস্য এবং প্রধান অতিথি সময়মতো সভাস্থলে পৌঁছালেও অন্যদের পরে আসার ঘটনাটি এদিনের সভার অন্যতম আলোচিত বিষয় হয়ে ওঠে।

