মানববন্ধন
বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে তাৎক্ষণিক মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা। কর্মসূচি থেকে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, বিদ্যুৎ খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়।
সোমবার (৮ জুন) দুপুর ১২টায় নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৌরভ সেনের সঞ্চালনায় কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তব্য দেন সিদ্ধিরগঞ্জ থানা শাখার সদস্য সচিব তায়েব হাসান তাজবীর, সরকারি তোলারাম কলেজ শাখার সদস্য সিয়াম সরকার, নারায়ণগঞ্জ কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক শেখ সাদী, জেলা সহ-সভাপতি ইউশা ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের সাধারণ মানুষ যখন নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির কারণে চরম সংকটে রয়েছে, তখন বিদ্যুতের মূল্য বৃদ্ধি জনজীবনে নতুন চাপ সৃষ্টি করবে। তারা অভিযোগ করেন, বিদ্যুৎ খাতে দীর্ঘদিনের দুর্নীতি, অব্যবস্থাপনা ও অস্বচ্ছতার দায় সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।
জেলা সহ-সভাপতি ইউশা ইসলাম বলেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিদ্যুৎ খাতে লোকসান ও অনিয়মের দায় জনগণকে বহন করতে বাধ্য করা হচ্ছে। তিনি বলেন, মূল্যবৃদ্ধির পরও দেশের বিভিন্ন স্থানে ঘনঘন লোডশেডিং অব্যাহত রয়েছে, যা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে।
তিনি আরও বলেন, বিদ্যুৎ সেবা নাগরিকের মৌলিক অধিকার। তাই অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করে বিদ্যুৎ খাতের দুর্নীতির সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনতে হবে এবং জনগণের জন্য স্বল্পমূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।
সভাপতির বক্তব্যে সাইদুর রহমান বলেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধি দেশের নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দেবে। শিল্প-কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান এবং কৃষি খাতে এর নেতিবাচক প্রভাব পড়বে। তিনি সরকারের বিভিন্ন অর্থনৈতিক সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ না করলে সাধারণ মানুষের ক্ষোভ আরও বাড়বে।
মানববন্ধনে বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মূল্যস্ফীতি এবং নাগরিক সেবার বিভিন্ন সমস্যা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তারা সরকারের প্রতি জনগণের জীবনমান উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনস্বার্থকে প্রাধান্য দিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি সৃজয় সাহা, সহ-সাধারণ সম্পাদক মৌমিতা নূর, সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মুন্নি আক্তার প্রত্যাশা, তোলারাম কলেজ শাখার সদস্য জাহিদ, নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্য সচিব তাহমিদ আনোয়ার, সিদ্ধিরগঞ্জ শাখার সংগঠক মো. সোহাগসহ বিভিন্ন শাখা ও অঞ্চলের নেতাকর্মীরা।

