চারা বিতরণ
নারায়ণগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও বেগবান করতে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে জেলা প্রশাসন।
শনিবার (৬ জুন) জেলার বিভিন্ন এনজিও, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ জনগণের মাঝে এসব গাছের চারা বিতরণ করে জেলা প্রশাসন।
চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি উপস্থিত ব্যক্তিদের হাতে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন।
এসময় জেলা প্রশাসক বলেন, পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু চারা বিতরণ নয়, সেগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে বড় করে তোলার বিষয়েও সবাইকে সচেতন হতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার, জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

