রোববার, ০৭ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ২৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পেটালো যুবদলের ক্যাডার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:১৮, ৭ জুন ২০২৬

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পেটালো যুবদলের ক্যাডার 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজ জমিতে দোকান নির্মাণের কাজ করতে গেলে চাঁদা দাবি ও হামলার শিকার হওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় আহত ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রোববার (৭ জুন) সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল এলাকার এনায়েতনগর পশ্চিমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাফরুল হাসন লিসান (২৫) নামে এক যুবকের পরিবারের মালিকানাধীন প্রায় ২ শতাংশ ৭ পয়েন্ট জমি রয়েছে। ওই জমিতে দোকান নির্মাণের উদ্যোগ নিলে একই এলাকার বাসিন্দা নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার (৪৫) তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, গত ৬ জুন ২০২৬ সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে নির্মাণকাজ চলাকালে মোফাজ্জল হোসেন আনোয়ারসহ অজ্ঞাতনামা ৫/৬ জন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করতে বলেন এবং পুনরায় চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা জাফরুল হাসন লিসানকে গালিগালাজ ও মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় মোফাজ্জল হোসেন আনোয়ার হাতে থাকা লোহার শাবল দিয়ে আঘাত করলে লিসানের ডান হাতের মধ্যমা আঙুলে গুরুতর জখম হয় বলে দাবি করা হয়েছে। পরে অন্য অভিযুক্তরা লাঠিসোঁটা দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে বলে অভিযোগে বলা হয়।

স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করার আগে প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে আহত অবস্থায় লিসানকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার বিষয়ে আহত জাফরুল হাসন লিসান সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত মোফাজ্জল হোসেন আনোয়ারকে একাধিকবার কল করলে তিনি তা রিসিভ করেনি। 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।