সোমবার, ০৮ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ২৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জ শহরে বিদ্যুতের লোডশেডিং চরমে, তীব্র ক্ষোভ শহরবাসীর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:৫৩, ৮ জুন ২০২৬

না.গঞ্জ শহরে বিদ্যুতের লোডশেডিং চরমে, তীব্র ক্ষোভ শহরবাসীর

প্রতীকী ছবি

প্রচণ্ড গরমের মধ্যে নারায়ণগঞ্জ শহরে চরম লোডশেডিং জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত দুইদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে উঠেছেন বাসিন্দারা। 

সোমবার (৮ জুন) দিনের বিভিন্ন সময়ে একাধিকবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা।

শহরের চাষাঢ়া, মাসদাইর, উকিলপাড়া, আমলাপাড়া, কালিরবাজার, টানবাজার, দেওভোগ, কাশীপুর, গলাচিপা, ডিআইটি এবং আশপাশের এলাকায় লোডশেডিংয়ের মাত্রা সবচেয়ে বেশি বলে অভিযোগ পাওয়া গেছে। কোথাও আধা ঘণ্টা, কোথাও এক ঘণ্টা, আবার কোথাও দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকার অভিযোগ করেছেন গ্রাহকরা।

এর আগেও গতকাল (রবিবার) শীতলক্ষ্যা ১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রে ত্রুটির কারণে শহরের বড় একটি অংশ দীর্ঘ সময় বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল। সকাল থেকে শুরু হওয়া ওই সমস্যার কারণে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। পরে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) জানায়, প্রায় ৪০ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি এবং গ্রিড লাইনের ত্রুটির কারণে সরবরাহ ব্যাহত হয়েছিল।

যদিও ডিপিডিসি পরে দাবি করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে, তবে শহরবাসীর অভিযোগ বাস্তবে পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। সোমবারও বিভিন্ন এলাকায় দফায় দফায় লোডশেডিং অব্যাহত ছিল।

চাষাঢ়া এলাকার বাসিন্দা রুবেল হোসেন বলেন, দিনের বেলা কয়েকবার বিদ্যুৎ চলে গেছে। গরমের মধ্যে ঘরে টেকা দায় হয়ে পড়েছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, কখন বিদ্যুৎ যাবে আর কখন আসবে সেটা কেউ জানে না। রাতেও একই অবস্থা ছিল।

আমলাপাড়ার ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, লোডশেডিংয়ের কারণে দোকানে বসে থাকা কঠিন হয়ে যাচ্ছে। ফ্যান বন্ধ থাকলে ক্রেতারাও দ্রুত চলে যায়। ব্যবসার ওপর এর প্রভাব পড়ছে।

উকিলপাড়ার বাসিন্দা শারমিন আক্তার বলেন, সকালে পানি তোলার সময় বিদ্যুৎ না থাকায় সমস্যায় পড়তে হয়েছে। ঘরের দৈনন্দিন কাজগুলোও ঠিকমতো করা যাচ্ছে না। কয়েকদিন ধরে একই অবস্থা চলছে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও লোডশেডিং নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন নগরবাসী। অনেকে অভিযোগ করেছেন, বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আগাম কোনো বার্তা বা ব্যাখ্যা দেওয়া হয় না।

ডিপিডিসির পূর্ব কিল্লারপুর কার্যালয়ের নারায়ণগঞ্জের প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. কামাল হোসেন জানান, শীতলক্ষ্যা ১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রে লাইন ত্রুটি দেখা দেওয়ায় ওই কেন্দ্রের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সেখানে কর্তৃপক্ষ কাজ করছে।