আজহারুল ইসলাম মান্নান
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁ পৌরসভার নাগরিক সেবা কার্যক্রম পরিদর্শন করেছেন। পৌরবাসীর কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত এবং চলমান কার্যক্রমের খোঁজখবর নিতে তিনি এ পরিদর্শন করেন।
শনিবার (১১ জুলাই) দলীয় নেতাকর্মী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সোনারগাঁ পৌরসভা কার্যালয়ে যান সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
এসময় তিনি পৌরসভার বিভিন্ন শাখার কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। নাগরিকদের দ্রুত ও হয়রানিমুক্ত সেবা প্রদানের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।
পরিদর্শনকালে এমপি মান্নান বলেন, পৌরবাসী যাতে নির্ধারিত সময়ে সব ধরনের নাগরিক সেবা পেতে পারেন, সে বিষয়ে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সেবার মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স, হোল্ডিং করসহ পৌরসভার সব সেবা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
এসময় জনগণের ভোগান্তি কমিয়ে আধুনিক ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে সংশ্লিষ্টদের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

