ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লার উত্তর ভুইঘড় এলাকায় একটি দরজা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কারখানার বিভিন্ন মালামাল পুড়ে ও পানিতে ভিজে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক অভিযানে প্রায় ১ কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
বুধবার (৮ জুলাই) প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন।
তিনি জানান, বুধবার সকাল ৭টা ৫০ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। মাত্র পাঁচ মিনিটের মধ্যে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের সদস্যদের চেষ্টায় সকাল ৮টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে প্রায় দুই ঘণ্টার অভিযান শেষে সকাল ১০টা ৩০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, কারখানার হিট চেম্বার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে।
অগ্নিকাণ্ডে কোনো হতাহত বা আহতের ঘটনা ঘটেনি।
আগুনে প্রস্তুতকৃত কাঠের দরজা, কাঠ, কাগজ, বিভিন্ন মেশিনারিজ, প্রায় ১৬০ ফুট × ৮০ ফুট আয়তনের সেমিপাকা টিনশেড ভবন এবং আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিসের হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় প্রায় ১ কোটি টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা জনাব অপূর্ব বল।

