ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দরে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত ৭০টি ব্যাটারি, নগদ টাকা ও হার্ডডিস্ক উদ্ধারসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ব্যাটারিগুলোর আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম চরমন্ডল এলাকার মৃত ইউনুসের ছেলে মো. নূর নবী (৩৮)। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া এলাকায় বসবাস করতেন। অপরজন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার অষ্টগ্রাম এলাকার অহেদ আলীর ছেলে আঙ্গুর মিয়া (৫০)। তিনিও বর্তমানে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকার শাকিল মিয়ার অটো গ্যারেজে অভিযান চালিয়ে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩ হাজার ৫০০ টাকা, বিভিন্ন কোম্পানির ৭০টি পুরাতন কিন্তু ব্যবহারযোগ্য ইজিবাইক, মিশুক ও অটোরিকশার ব্যাটারি এবং একটি সিসি ক্যামেরার হার্ডডিস্ক উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ৭০টি ব্যাটারির আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা এবং হার্ডডিস্কটির মূল্য প্রায় ৩ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

