বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

|

আষাঢ় ২৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে অনলাইন ট্রেডিং অ্যাপসে বিনিয়োগের প্রলোভনে প্রতারণা, গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১০, ৯ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে অনলাইন ট্রেডিং অ্যাপসে বিনিয়োগের প্রলোভনে প্রতারণা, গ্রেপ্তার ২

ফাইল ছবি

নারায়ণগঞ্জে অনলাইন ট্রেডিং অ্যাপসে বিনিয়োগ করে মোটা অঙ্কের লাভের প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ।

বৃহস্পতিবার (৯ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পিবিআই এর পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ।

গ্রেপ্তারকৃতরা হলেন- নোয়াখালী সদর উপজেলার মাইজদী এলাকার তোফায়েল আহম্মদের ছেলে নাজমুল হোসেন (৪১) এবং চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ধনাগোদা এলাকার জয়নাল বেপারীর ছেলে মো. হাবিব মিয়া (৩০)। হাবিব বর্তমানে ফতুল্লার ভোলাইল শান্তিনগর এলাকায় বসবাস করতেন।

এর আগে গত ৬ জুলাই রাতে ঢাকার আফতাবনগর ও নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একাধিক স্মার্টফোন ও একটি পকেট রাউটার জব্দ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকার ব্যবসায়ী মো. নুর কামাল আজাদের সঙ্গে গত ২ মে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এক ব্যক্তির পরিচয় হয়। নিজেকে আন্তর্জাতিক ট্রেডিং ব্যবসার সঙ্গে জড়িত পরিচয় দিয়ে তিনি অনলাইনভিত্তিক সাইড বিজনেসে বিনিয়োগের প্রস্তাব দেন।

পরে তাকে একটি ট্রেডিং ওয়েবসাইটের লিংক পাঠিয়ে সেখানে অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ করলে অধিক মুনাফা পাওয়ার প্রলোভন দেখানো হয়। প্রথমে তিনি ১০ হাজার টাকা বিনিয়োগ করলে তার অ্যাকাউন্টে লাভসহ ২৩ হাজার টাকা দেখানো হয়। এতে আস্থা পেয়ে তিনি ধাপে ধাপে বিভিন্ন বিকাশ নম্বর ও ব্যাংক অ্যাকাউন্টে মোট ১০ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা পাঠান।

পরবর্তীতে টাকা উত্তোলনের চেষ্টা করলে তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন। এরপর নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

পিবিআই জানায়, মামলাটি অধিগ্রহণের পর তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অনলাইনে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মেসেজিং অ্যাপ ব্যবহার করে সাধারণ মানুষকে টার্গেট করে প্রতারণার কথা স্বীকার করেছেন।

পিবিআইয়ের দাবি, চক্রটি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইমো, মেসেঞ্জার ও অন্যান্য অ্যাপের মাধ্যমে ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করে ট্রেডিংয়ে বিনিয়োগের প্রলোভন দেখাতো। প্রতারণার মাধ্যমে নেওয়া অর্থ দ্রুত ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করে দেশ-বিদেশে অবস্থানরত সহযোগীদের কাছে পাঠিয়ে দেওয়া হতো।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কম্বোডিয়া, চীনসহ বিভিন্ন দেশে অবস্থানরত সদস্যদের সঙ্গে তাদের যোগাযোগের তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে পিবিআই।

পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ জানান, গ্রেপ্তার দুই আসামিকে আদালতে হাজির করা হলে আদালত এক দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাদের আবার আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।