মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী
আসন্ন রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
একই সাথে যেকোনো ধরণের গুজবে কান না দিয়ে সন্দেহজনক পরিস্থিতিতে তাৎক্ষণিক পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১১ জুলাই) নারায়ণগঞ্জে আসন্ন রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিদের সাথে জেলা পুলিশের এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় রথযাত্রা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শোভাযাত্রার নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, স্বেচ্ছাসেবকদের দায়িত্ব এবং উৎসবের সাথে সংশ্লিষ্ট সকলের পারস্পরিক সমন্বয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসপি মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী তার বক্তব্যে আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বাংলাদেশের অন্যতম ঐতিহ্য। আইন-শৃঙ্খলা রক্ষায় তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ ও রথযাত্রা আয়োজক কমিটির প্রতিনিধিরা উৎসবের বিভিন্ন দিক তুলে ধরেন এবং উৎসবকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে জেলা পুলিশের গৃহীত সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন।
সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সনাতন ধর্মীয় নেতা শংকর কুমার দে, শিখন সরকার শিপন, বিষ্ণু পদ সাহা, সুশীল দাস, তিলোত্তমা দাস, পরিতোষ কান্তি সাহা এবং জয় কে চৌধুরী বাপ্পি সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

