ফাইল ছবি
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা, নৃত্য পরিবেশনা ও শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে খেলাঘরের সপ্তম জেলা সম্মেলন-২০২৬।
শুক্রবার (১০ জুলাই) নগরীর আলী আহমদ চুনকা নগর মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাঘর নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জাহিদুল হক দিপু।
সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি রুম্মন রেজা, নারায়ণগঞ্জ জেলা মহিলা পরিষদের সভাপতি ঋণা আহমেদ, খেলাঘরের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, দেশবরেণ্য ছড়াকার, গীতিকার ও শিশু সংগঠক আখতার হুসেন এবং খেলাঘর নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ফুয়াদ মহাসিনসহ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাঘর একটি শক্তিশালী শিশু-কিশোর সংগঠন, যার মাধ্যমে নতুন প্রজন্মকে সৃজনশীল, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা হচ্ছে। খেলাঘরের আদর্শে উদ্বুদ্ধ হয়ে শিশুরা আগামী দিনের বাংলাদেশকে আরও সমৃদ্ধ ও এগিয়ে নিয়ে যাবে।
এর আগে অনুষ্ঠানের সূচনায় শিশু শিক্ষার্থী ও খেলাঘরের সদস্যদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আলী আহমদ চুনকা পাঠাগার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে দুই নম্বর রেলগেট ও ডিআইটি মসজিদসংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পাঠাগার প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে শিশুদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে খেলাঘর নারায়ণগঞ্জ জেলার সপ্তম জেলা সম্মেলন-২০২৬-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

