বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

|

ভাদ্র ১১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে ডকইয়ার্ডে হামলা-ভাঙচুরের মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:২৭, ২৬ আগস্ট ২০২৬

বন্দরে ডকইয়ার্ডে হামলা-ভাঙচুরের মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দরে ডকইয়ার্ডে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় মো. আরিফ হোসেন (৫২) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার দেউলী বটতলা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার এসআই মো. লুৎফর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট সকালে বন্দরের নবীগঞ্জ ২৪ নম্বর ওয়ার্ডের বক্তারকান্দী এলাকায় এস এ হাইড্রোলিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস কোম্পানিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় প্রতিষ্ঠানের মালিক মো. ইমান খানকে মারধর করে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করা হয়। পরে এ ঘটনায় প্রতিষ্ঠানের ম্যানেজার মো. ফায়েজ আহম্মেদ বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর এর আগে ১৭ আগস্ট আমিরাবাদ এলাকা থেকে মামলার এজাহারভুক্ত দুই আসামি মো. হৃদয় (৩০) ও সুলতান মাহমুদ আপনকে (২৩) গ্রেপ্তার করে পুলিশ। 

তদন্তকারী কর্মকর্তা এসআই মো. লুৎফর রহমান জানান, মামলার পর আরিফ হোসেনসহ অন্য আসামিরা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আরিফকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার আরিফ হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে পাঠানো হয়েছে।