ফাইল ছবি
জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মোহাম্মদ নজরুল ইসলাম আজাদ।
গত রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটি গঠন ও পুনর্গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসরণ করে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মণি এসব প্রস্তাব উত্থাপন করেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—বগুড়া-২ আসনের মীর শাহ আলম, ময়মনসিংহ-১০ আসনের মোহাম্মদ আখতারুজ্জামান, নারায়ণগঞ্জ-২ আসনের মোহাম্মদ নজরুল ইসলাম আজাদ, চট্টগ্রাম-১৪ আসনের আলহাজ্ব জসিমউদ্দীন আহমেদ, চাঁদপুর-৩ আসনের শেখ ফরিদ আহমেদ, সংরক্ষিত মহিলা আসন-৩৫-এর তাহমিনা সুলতানা, রংপুর-২ আসনের এ টি এম আজহারুল ইসলাম এবং সিরাজগঞ্জ-৪ আসনের মোহাম্মদ ইসলাম খান।

