সোমবার, ২৪ আগস্ট ২০২৬

|

ভাদ্র ৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সরকার আইনজীবীদের বিরুদ্ধে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবে না: আনোয়ার প্রধান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:২৯, ২৪ আগস্ট ২০২৬

সরকার আইনজীবীদের বিরুদ্ধে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবে না: আনোয়ার প্রধান

অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান বলেছেন, আমাদের দৃঢ় বিশ্বাস সরকার আইনজীবীদের বিরুদ্ধে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবে না। নারায়ণগঞ্জের আদালত স্থানান্তর নিয়ে বিভিন্ন মাধ্যমে যে আলোচনা চলছে, তা নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আইনজীবী ও বিচারপ্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৪ আগস্ট) দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির তৃতীয় তলায় আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আনোয়ার প্রধান বলেন, নারায়ণগঞ্জের দুটি প্রধান আদালত—ম্যাজিস্ট্রেসি ও জজশিপের কিছু মামলা ও আদালত অন্যত্র স্থানান্তরের কথা বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে। তবে এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো আদেশ, নির্দেশনা বা প্রজ্ঞাপন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি পায়নি। তাই এ বিষয়ে আইনজীবী ও বিচারপ্রার্থী জনগণের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।

তিনি বলেন, নারায়ণগঞ্জে আইনজীবী ভবন যেখানে রয়েছে সেখানেই থাকবে। নির্বাহী কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট ও জজ কোর্টও একই স্থানে থাকবে। ল্যান্ডস কোর্ট, সাইবার কোর্ট, বিদ্যুৎ কোর্ট ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কালীরবাজারের নতুন ভবনে স্থানান্তরের বিষয়ে বিভিন্ন কথা বলা হলেও আইনজীবী সমিতি এ ধরনের কোনো সরকারি প্রস্তাবনা পায়নি।

আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বলেন, এসব আদালত পরিচালনার জন্য বর্তমান আদালত ভবনেই পর্যাপ্ত জায়গা রয়েছে। সরকার যদি এ বিষয়ে নির্দেশনা দেয়, তাহলে বিদ্যমান ভবনেই প্রয়োজনীয় জায়গার ব্যবস্থা করে এসব আদালতের কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া সম্ভব।

চাষাড়া মোড়ের যানজটের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, চাষাড়া নারায়ণগঞ্জবাসীর কাছে একটি অত্যন্ত যানজটপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। একই স্থান থেকে অন্যত্র যেতে হলেও মানুষ অনেক সময় চাষাড়া এড়িয়ে চলার চেষ্টা করেন। এমন পরিস্থিতিতে আদালতের কার্যক্রম এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হলে আইনজীবী ও বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ আরও বাড়বে। এতে আদালতের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, ম্যাজিস্ট্রেসি, জজ কোর্টসহ কোনো আদালত স্থানান্তর করা হবে না। যেসব ট্রাইব্যুনাল বা আদালত নিয়ে আলোচনা হচ্ছে, সেগুলো যদি সরকার আইনজীবী সমিতির কাছে দেয়, তাহলে বর্তমান আদালত ভবনেই পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করা হবে। এমনকি প্রয়োজনে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির আটতলা ভবনের এক-দুইটি তলা ব্যবহারের বিষয়েও আইনজীবীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

আনোয়ার প্রধান বলেন, নারায়ণগঞ্জের সংসদ সদস্যসহ দায়িত্বপ্রাপ্ত প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। তারা জানিয়েছেন, বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। কেউ কেউ ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে প্রজ্ঞাপন জারি হয়েছে—এমন বক্তব্য দিয়ে আইনজীবীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না। নারায়ণগঞ্জের আইনজীবী ও বিচারপ্রার্থী জনগণের স্বার্থ রক্ষায় আইনজীবী সমিতি সব সময় পাশে ছিল, আছে এবং থাকবে।”

সংবাদ সম্মেলনের মাধ্যমে নারায়ণগঞ্জের আইনজীবী ও সাধারণ মানুষকে বিষয়টি নিয়ে আতঙ্কিত বা বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান।

এসময়ে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আব্দুল বারী ভূঁইয়া, জেলা পাবলিক প্রসিকিউটর ( পিপি) এড. আবুল কালাম আজাদ জাকির, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব এড. আব্দুল গাফ্ফার, যুগ্ম আহ্বায়ক এড. শামসুর নূর বাঁধন, জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক এড. একেএম ওফর ফারুক নয়নসহ আইনজীবী সমিতির সদস্যবৃন্দ।