গোলাম ফারুক খোকন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি মুড়াপাড়া কলেজে শিক্ষার্থীদের শিক্ষা, শৃঙ্খলা ও সাফল্য নিশ্চিত করতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক-অভিভাবকদের মধ্যে সমন্বয় ও যোগাযোগ আরও জোরদারের লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় সরকারি মুড়াপাড়া কলেজ প্রাঙ্গণে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মাসুম বিল্লাহ,সরকারি মুড়াপাড়া কলেজ শাখার ছাত্রদলের সভাপতি আল আমিনসহ কলেজের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ, নৈতিক শিক্ষা, শৃঙ্খলা এবং ভালো ফলাফল অর্জনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সরকারি মুড়াপাড়া কলেজের অধ্যক্ষ মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
সমাবেশটি শিক্ষক ও অভিভাবকদের মধ্যে মতবিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা ও শৃঙ্খলা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

