রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

|

ভাদ্র ২৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ডেকে নিয়ে শুভ্রকে হত্যা, ৭ আসামির যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:০৪, ১৩ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে ডেকে নিয়ে শুভ্রকে হত্যা, ৭ আসামির যাবজ্জীবন

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাখাওয়াত হোসেন শুভ্র হত্যা মামলায় সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

রোববার (১৩ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। রায়ে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ। তিনি জানান, রায় ঘোষণার সময় পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে মামলার আসামি বাবুল সাহা জীবন ও কাওছার পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৫ আগস্ট বিকাল ৪টার দিকে ফতুল্লার মাসদাইর এলাকার আদর্শ স্কুলের উত্তর পাশে নির্মাণাধীন ‘মায়ের আঁচল’ নামে ১২ তলা ভবনের সপ্তম তলায় শুভ্রকে ডেকে নিয়ে যায় আসামিরা। সেখানে ধারালো অস্ত্র দিয়ে তার মাথার পেছনে ও থুতনির নিচে আঘাত করা হয়। পরে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

ঘটনার পর নিহত শুভ্রর বাবা মো. শাহাদাত হোসেন শিকদার বাদী হয়ে ফতুল্লা থানায় সাতজনের বিরুদ্ধে মামলা করেন। আসামিরা হলেন বাবুল সাহা জীবন, নাজমুল ইসলাম, সঞ্জয় দাস ওরফে মনা, মিলন, বশির, সমীর ও কাওছার।

মামলাটি ফতুল্লা থানার মামলা নম্বর-৮১, তারিখ ২২ আগস্ট ২০১৭। তদন্ত শেষে পুলিশ সাত আসামির বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করে ২০২০ সালের ২৪ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে। এতে দণ্ডবিধির ৩০২, ২০১, ৩৭৯, ৪১১ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত সাত আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেন। এরপর প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রায় ঘোষণার সময় পাঁচ আসামি আদালতে উপস্থিত থাকলেও বাবুল সাহা জীবন ও কাওছার পলাতক রয়েছেন।