ফাইল ছবি
মাদকদ্রব্য সংক্রান্ত মামলার বিচার কার্যক্রম আরও গতিশীল করতে নারায়ণগঞ্জে নতুন দুটি মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। নতুন ট্রাইব্যুনাল দুটির মাধ্যমে জেলার বিভিন্ন থানার মাদক মামলাগুলো পৃথকভাবে বিচারাধীন থাকবে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন গঠিত ট্রাইব্যুনাল দুটির মধ্যে মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল, নারায়ণগঞ্জ-১ এর আওতায় থাকবে ফতুল্লা, সোনারগাঁও ও নারায়ণগঞ্জ সদর থানা এলাকার মাদক সংক্রান্ত মামলা।
অন্যদিকে মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল, নারায়ণগঞ্জ-২ এর অধীনে থাকবে সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, আড়াইহাজার ও বন্দর উপজেলা এলাকার মাদকদ্রব্য সংক্রান্ত মামলাগুলো।
এর আগে জেলার মাদক সংক্রান্ত মামলার বিচার কার্যক্রম একটি ট্রাইব্যুনালের মাধ্যমে পরিচালিত হওয়ায় মামলার চাপ ও বিচারপ্রক্রিয়া নিয়ে নানা ধরনের জটিলতা ছিল। নতুন করে দুটি ট্রাইব্যুনাল গঠনের ফলে মামলাগুলো এলাকা ভিত্তিক ভাগ হয়ে বিচার কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হলো।
আইনজীবীরা মনে করছেন, নতুন দুটি ট্রাইব্যুনাল চালু হলে মাদক মামলার বিচার নিষ্পত্তির ক্ষেত্রে গতি বাড়ার পাশাপাশি বিচারপ্রার্থীদের ভোগান্তিও কমতে পারে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বিচারাধীন থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির সুযোগ তৈরি হবে।

