বুধবার, ০৮ জুলাই ২০২৬

|

আষাঢ় ২৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কাঁচপুরে হচ্ছে নতুন বাস টার্মিনাল, প্রস্তাবে নীতিগত অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:০৯, ৮ জুলাই ২০২৬

কাঁচপুরে হচ্ছে নতুন বাস টার্মিনাল, প্রস্তাবে নীতিগত অনুমোদন

ফাইল ছবি

ঢাকা মহানগরীর দীর্ঘদিনের যানজট নিরসনে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালকে নারায়ণগঞ্জের কাঁচপুরে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে কাঁচপুরে নতুন বাস টার্মিনাল নির্মাণের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভা সূত্রে জানা গেছে, ‘কাঁচপুর বাস টার্মিনালের শেড নির্মাণ, টিকিট কাউন্টার, টয়লেট ও অফিস কক্ষসহ আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ’ প্রকল্পটি সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) বাস্তবায়ন করা হবে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেড বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে প্রকল্পের কাজ সম্পন্ন করবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঢাকা মহানগরীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার আলোকে স্থানীয় সরকার বিভাগ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে আগামী চার মাসের মধ্যে কাঁচপুর টার্মিনালটি ব্যবহার উপযোগী করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে।

প্রকল্পের আওতায় কাঁচপুরে ৪ হাজার ১২ বর্গমিটার প্ল্যাটফর্ম ঢালাই ও টাইলস স্থাপন, শেড নির্মাণের জন্য ১৫ হাজার ৫৭৩ কেজি প্রোফাইল শিট স্থাপন, ১২০টি টিকিট কাউন্টার, ৩২টি টয়লেট এবং অফিস কক্ষসহ বিভিন্ন আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ করা হবে।

এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৮৮ লাখ টাকা।

সংশ্লিষ্টরা মনে করছেন, সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তর করা হলে রাজধানীর যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকায় যানজটের চাপ কমবে। একই সঙ্গে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক ব্যবহারকারী যাত্রী ও পরিবহন ব্যবস্থাপনায় নতুন গতি আসবে।

তবে কাঁচপুরে নতুন টার্মিনাল নির্মাণকে কেন্দ্র করে সড়ক যোগাযোগ, যানবাহন ব্যবস্থাপনা এবং আশপাশের এলাকায় বাড়তি চাপ সৃষ্টি হবে কি না, সে বিষয়েও এখন থেকেই পরিকল্পনার ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয়রা।