বুধবার, ০৮ জুলাই ২০২৬

|

আষাঢ় ২৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া ৩৭ অস্ত্র এখনও উদ্ধার হয়নি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৩৫, ৮ জুলাই ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া ৩৭ অস্ত্র এখনও উদ্ধার হয়নি

ফাইল ছবি

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে এখনও ৩৭টি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। পাশাপাশি লুট হওয়া হাজার হাজার গুলি ও কয়েক ডজন ম্যাগাজিনও এখনও উদ্ধার হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জের বিভিন্ন থানা থেকে মোট ১৫৩টি অস্ত্র লুট হয়েছিল। এর মধ্যে এখন পর্যন্ত ১১৬টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এখনও ৩৭টি অস্ত্রের কোনো সন্ধান মেলেনি।

এখনও উদ্ধার না হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ছয়টি ৭.৬২ চায়না রাইফেল, একটি ৭.৬২ চায়না এসএমজি, একটি ৭.৬২ চায়না এলএমজি, পাঁচটি ৭.৬২ চায়না পিস্তল, ছয়টি ৯ এমএম পিস্তল, ১৫টি ১২ বোর শর্টগান এবং পাঁচটি ৩৮ এমএম গ্যাসগান।

এছাড়া ওই সময় মোট ৮ হাজার ৯৮৪ রাউন্ড গুলি লুট হয়েছিল। এর মধ্যে উদ্ধার করা হয়েছে মাত্র ১ হাজার ৪৮৫ রাউন্ড। এখনও ৭ হাজার ৪৯৯ রাউন্ড গুলি উদ্ধার হয়নি।

অন্যদিকে, লুট হওয়া ১১৭টি ম্যাগাজিনের মধ্যে উদ্ধার হয়েছে ৬৯টি। এখনও নিখোঁজ রয়েছে ৪৮টি ম্যাগাজিন।

পুলিশ জানায়, লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে জেলা পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে বেশ কিছু অস্ত্র ও গুলি উদ্ধার করা হলেও এখনও উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার না হওয়ায় উদ্বেগ রয়েছে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, অস্ত্র উদ্ধারে তথ্য সংগ্রহ, গোয়েন্দা নজরদারি এবং বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। বাকি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান আরও জোরদার করা হবে।