বুধবার, ০৮ জুলাই ২০২৬

|

আষাঢ় ২৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে বাইপাস সংযোগের অভিযোগে আহসান অ্যাপারেলসের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:২৫, ৮ জুলাই ২০২৬

আপডেট: ১৭:২৬, ৮ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে বাইপাস সংযোগের অভিযোগে আহসান অ্যাপারেলসের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ

আহসান অ্যাপারেলস লিমিটেড

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে অবৈধ বাইপাস গ্যাস সংযোগের অভিযোগে আহসান গ্রুপের প্রতিষ্ঠান আহসান অ্যাপারেলস লিমিটেডের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এ সময় প্রতিষ্ঠানটির গ্যাস মিটারও খুলে নিয়ে যায় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় এই অভিযান পরিচালিনা করে তিতাস গ্যাস নারায়ণগঞ্জ।

তিতাস গ্যাস সূত্রে জানা যায়, অভিযানে কারখানাটিতে অবৈধ বাইপাস সংযোগের অস্তিত্ব পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ব্যবহৃত মিটার জব্দ করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট নথিপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে, আহসান গ্রুপ দীর্ঘদিন ধরে অবৈধ বাইপাস সংযোগ ব্যবহার করে বিপুল পরিমাণ গ্যাস ব্যবহার করে আসছিল, যার ফলে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। 

নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের ব্যবস্থাপক আজাদ বলেন, "আহসান অ্যাপারেলসের অবৈধ বাইপাস সংযোগ শনাক্ত হওয়ায় তাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। যেহেতু এটি মোবাইল কোর্টের মাধ্যমে পরিচালিত অভিযান ছিল না, তাই তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়নি। প্রয়োজনীয় কাগজপত্র ঢাকায় পাঠানো হয়েছে। সেখান থেকে বিষয়টি পর্যালোচনা করে জরিমানাসহ পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।"