বৃক্ষরোপণ কর্মসূচি
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুলাই) মাঝিনা মৌজাস্থ আহমাদিয়া ফাযিল মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
এসময় তিনি বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। শুধু গাছ রোপণ করলেই হবে না, রোপিত গাছের সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সুধীজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরে উপস্থিত সবাই মিলে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

