ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে আটক ১৭ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে সোনারগাঁয়ে আটক ১৫ জনকে এবং সিদ্ধিরগঞ্জে আটক দুইজনকে সাজা দেওয়া হয়।
রোববার (৩০ আগষ্ট) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল বারিকের নেতৃত্বে শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত তিনটি পৃথক দল কাঁচপুর বাজার, বৈদ্যের বাজার ও সোনারগাঁ জাদুঘর এলাকায় অভিযান চালায়। অভিযানে মাদকসেবনের অভিযোগে ১৫ জনকে আটক করা হয়।
শনিবার (২৯ আগস্ট) তাদের আদালতে হাজির করা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত সামারি ট্রায়ালের মাধ্যমে আটজনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা এবং সাতজনকে পাঁচ দিনের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন—কুড়িগ্রামের রাজারহাটের আব্দুস সামাদের ছেলে মো. মিলন মিয়া (২৩), বগুড়ার আদমদীঘির ছমির দাসের ছেলে বিজয় দাস (২৬), সোনারগাঁয়ের দাসনোয়াগাঁও এলাকার মোর্শেদ মিয়ার ছেলে মো. জুয়েল (২২), মুন্দিরপুর এলাকার মৃত আউয়ালের ছেলে রুহুল আমিন (১৯), একই এলাকার মৃত মোসলেম ভূঁইয়ার ছেলে শাহীন (২৬), মুন্দিরপুরের মৃত হাশেমের ছেলে মো. আশিক (২২), একই এলাকার নজরুল ইসলামের ছেলে রাব্বি মিয়া (২৫), বারদীর সেনপাড়া এলাকার দাইয়ান মেম্বারের ছেলে বিল্লাল সরকার (২৭), পানাম গাবতলী এলাকার বাচ্চু মিয়ার ছেলে মো. ইউসুফ (২৪), ভাটিবন্দর এলাকার মকবুল হোসেনের ছেলে মো. আরিফ হোসেন (২৫), সাহাপুর এলাকার মো. সহিদুল্লাহর ছেলে মো. রিপন (৩৭), উলুকান্দি এলাকার শামসুদ্দিনের ছেলে আলামিন (২৫), ফতেকান্দি এলাকার আব্দুল মালেকের ছেলে ওমর ফারুক (৫০), রূপগঞ্জের মাছুমাবাদ এলাকার মৃত মন্ডু ডাক্তারের ছেলে কাজী রিপন (৪২) এবং কিশোরগঞ্জের ভৈরবের মৃত আবু বক্করের ছেলে হৃদয় (৩২)।
অন্যদিকে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এসও বটতলা এলাকার একটি সিএনজি গ্যারেজে অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে আটক করা হয়।
আটক দুইজন হলেন—এসও বটতলা এলাকার আমির হোসেনের ছেলে নাদিম হোসেন (৩৪) এবং এসও রোড এলাকার মৃত জাকির হোসেনের ছেলে মিশন মিয়া (২৩)।
শনিবার তাদেরও একই আদালতে হাজির করা হলে বিচারক সামারি ট্রায়ালের মাধ্যমে পাঁচ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, মাদকদ্রব্যের বিস্তার রোধে মাদক বিক্রেতাদের পাশাপাশি মাদকসেবীদের বিরুদ্ধেও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

