ঈদ সামগ্রী বিতরণ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর ২নং ওয়ার্ড শাখার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও তাদের আর্থিক সহায়তা প্রদান করেন দলটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন। তিনি তার বক্তব্যে বলেন, "জামায়াতে ইসলামী সবসময় আর্তমানবতার সেবায় নিয়োজিত থাকে। বিশেষ করে জুলাই আন্দোলনে যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের ত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। শহীদদের রক্তের ঋন শোধ করা সম্ভব নয়, তবে তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।"
সিদ্ধিরগঞ্জ সাংগঠনিক থানা সেক্রেটারি মুহাম্মদ হাবিবুর রহমান-এর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে এই বিতরণ কার্যক্রম ও শহীদ পরিবার পরিদর্শনের কর্মসূচি সম্পন্ন হয়।
এদিন নেতৃবৃন্দ জুলাই আন্দোলনে সিদ্ধিরগঞ্জে শহীদ হওয়া পরিবারের সদস্যদের সাথে সরাসরি দেখা করেন এবং তাদের খোঁজখবর নেন।
নেতৃবৃন্দ শহীদদের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর হাতে সংগঠনের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন। এরপর ২নং ওয়ার্ডের বিপুল সংখ্যক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

