ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষকের কাছে চাঁদা দাবি এবং তা না দেওয়ায় তার ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।
শুক্রবার (৬ মার্চ) রাতে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ঝাউকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা যায়, উপজেলার ৭৭ নম্বর ঝাউকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. কামাল হোসেন সরকারের কাছে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে স্থানীয় কয়েকজন ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাইফুল, সাদ্দাম, দেলোয়ার, মিজান ও সুজনসহ কয়েকজন। তাঁদের দাবি ছিল, ওই বিদ্যালয়ে চাকরি করতে হলে তাকে এই টাকা দিতে হবে।
প্রধানশিক্ষক কামাল হোসেন সরকার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পরে তিনি অন্য একটি বিদ্যালয়ে চলে যান। এরপর থেকেই অভিযুক্তরা তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ করা হয়েছে।
এ অবস্থায় শুক্রবার রাতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ঝাউকান্দি এলাকার মোতালেব মিয়ার বাড়ির পাশে তার ওপর হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, সাইফুলের নেতৃত্বে কয়েকজন লোহার পাইপ ও চাপাতি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে।
হামলায় প্রধানশিক্ষক কামাল হোসেন সরকারের বাম পা, বাম হাত, ডান হাত ও পিঠে জখম হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

