ঈদ সামগ্রী বিতরণ
নারায়ণগঞ্জে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শতাধিক অন্ধ, বধির ও বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে নগরীর মাসদাইর তালা ফ্যাক্টরি এলাকায় অবস্থিত তার নিজ কার্যালয়ে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
এসময় সুবিধাভোগীদের হাতে খাদ্য সামগ্রীসহ প্রয়োজনীয় ঈদ উপহার তুলে দেন তিনি। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য, যাতে করে তারা পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন।
এসময় খোরশেদ বলেন, সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তারা সমাজেরই অংশ, কিন্তু নানা সীমাবদ্ধতার কারণে অনেক সময় উৎসবের আনন্দ থেকে বঞ্চিত হন। সেই জায়গা থেকেই তার এই ক্ষুদ্র প্রচেষ্টা।
তিনি আরও জানান, এ ধরনের কার্যক্রম শুধু ঈদকে কেন্দ্র করে নয়, বরং সারা বছরজুড়েই চালিয়ে যাওয়ার চেষ্টা থাকবে। সমাজের বিত্তবানদেরও তিনি এগিয়ে আসার আহ্বান জানান, যাতে কেউ অভাবের কারণে উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হয়।
উপহার পেয়ে অনেকেই সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকের প্রতি কৃতজ্ঞতা জানান। এ ধরনের সহায়তা তাদের জন্য ঈদে অনেক বড় স্বস্তি ও আনন্দ এনে দেয় বলে জানান তারা।

