ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভুয়া র্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে বিদেশি পিস্তল ও ইয়াবা সহ সজীব ওরফে সোর্স বাবুকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার নাঈম উল হক।
গ্রেপ্তারকৃত আসামি সজীব ভূঁইয়া (৩৩) সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকার বাবুর ছেলে। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি পেন গান, দুই রাউন্ড গুলির খোসা, ৪০ পিস ইয়াবাসহ অন্যান্য সরঞ্জামাদি পাওয়া যায়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামি সজীব ভূইয়া ওরফে সোর্স বাবু নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সহ এর আসেপাশে এলাকায় ডিবি ও র্যাব পরিচয়ে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি করে। সোর্স বাবুর নেতৃত্বে এদের একটি ১০ থেকে ১২ জনের গ্রুপ আছে। সোর্স বাবু নিজেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিচয় দেয়। সে কখনো নিজেকে পুলিশ বা র্যাবের সোর্স হিসাবে পরিচয় দেয়। আবার কোথাও কোথাও নিজেকে ডিবি/ র্যাবের অফিসার হিসেবে পরিচয় দেয়। সে বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে র্যাব ও পুলিশের ভয় দেখিয়ে চাঁদাবাজি করে। চাঁদা না দিলে র্যাব অথবা পুলিশকে দিয়ে ধরিয়ে দিবে বলে হুমকি দেয়। তাছাড়া সে বিভিন্ন র্যাব ও পুলিশ সদস্যের আসল ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা ও ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

