রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

এবার আলোচনায় সেই খোরশেদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:০২, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৯:০২, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

এবার আলোচনায় সেই খোরশেদ

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের রাজনীতিতে যখন নতুন হিসাব–নিকাশ শুরু হয়েছে, ঠিক তখনই আলোচনার কেন্দ্রে চলে এসেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে যার নাম ঘুরে ফিরে আসছে, তিনি হলেন দলের তৃণমূল থেকে উঠে আসা নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

নারায়ণগঞ্জ শহরের রাজনীতিতে খোরশেদ কোনো নতুন নাম নয়। দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে তিনি নিজেকে পরিচিত করেছেন একজন সংগ্রামী ও জনবান্ধব নেতা হিসেবে। দলীয় পরিচয়ের বাইরে সাধারণ মানুষের কাছেও তার গ্রহণযোগ্যতা চোখে পড়ার মতো। 

বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন খোরশেদ। মামলা, হামলা ও কারাবরণের মতো কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েও তিনি রাজনীতি থেকে সরে যাননি। বরং প্রতিকূল পরিস্থিতিতেও মাঠে থেকে দলীয় কর্মী ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।

স্থানীয় সরকার পর্যায়েও তার জনপ্রিয়তার প্রমাণ মিলেছে বারবার। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন-এর ১৩ নম্বর ওয়ার্ড থেকে টানা তিনবার বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন খোরশেদ। কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি শুধু উন্নয়ন প্রকল্পেই সীমাবদ্ধ থাকেননি; ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন নিয়মিত। এই সেবামূলক কর্মকাণ্ডই তাকে আলাদা করে পরিচিত করেছে।

বিশেষ করে করোনা মহামারির সময় খোরশেদের ভূমিকা ছিল আলোচিত। যখন অনেকেই ঘরে বন্দি, তখন জীবনের ঝুঁকি নিয়ে তিনি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন খাবার, ওষুধ, সহায়তা। করোনায় মৃতদের মৃতদেহ দাফনে পরিবারের সদস্যরা এগিয়ে না এলেও এসেছিলেন খোরশেদ। সেই সময় তার মানবিক উদ্যোগ দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসী মহলেও আলোচিত হয়। অনেকেই এই সংকটকালে তার সাহসী অবস্থানকে উদাহরণ হিসেবে তুলে ধরেছেন।

নারায়ণগঞ্জের তরুণ সমাজের মাঝেও খোরশেদের জনপ্রিয়তা স্পষ্ট। তরুণরা মনে করেন, তিনি কথা কম বলেন, কাজ বেশি করেন এটাই তার সবচেয়ে বড় শক্তি। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে মাঠপর্যায়ের কর্মকাণ্ড সবখানেই তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তার পক্ষে লক্ষ্য করা যায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। আগামী দিনের রাজনীতিতে তৃণমূলের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত, পরীক্ষিত ও জনপ্রিয় নেতাদের সামনে আনা ছাড়া বিকল্প নেই। সেই বিবেচনায় নারায়ণগঞ্জের রাজনীতিতে খোরশেদের মতো নেতাই হতে পারেন মেয়র পদে দলের বড় ভরসা।

সব মিলিয়ে আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ঘিরে আলোচনা যত বাড়ছে, খোরশেদের নাম ততই জোরালোভাবে উঠে আসছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত কোন পথে যায় এবং নারায়ণগঞ্জের ভোটের মাঠে কীভাবে প্রতিফলিত হয় এই জনপ্রিয়তার হিসাব।