রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দায়িত্বে সফলতা, এবার মেয়র প্রার্থীর আলোচনায় রাজীব

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:০৮, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

দায়িত্বে সফলতা, এবার মেয়র প্রার্থীর আলোচনায় রাজীব

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। এ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব। দলীয় দায়িত্ব পালনে তার সাম্প্রতিক সফলতা এবং মাঠপর্যায়ের জনপ্রিয়তা তাকে মেয়র পদে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে সামনে নিয়ে এসেছে।

জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনের দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে রাজীবের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সাংগঠনিক দক্ষতা, ভোটের মাঠে সক্রিয় উপস্থিতি এবং কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে ওই আসনে বিএনপি বিপুল ভোটে বিজয় অর্জন করে। দলের ভেতরে এই সাফল্যকে রাজীবের রাজনৈতিক প্রজ্ঞা ও নেতৃত্বগুণের বড় প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।

নারায়ণগঞ্জ শহরের রাজনীতিতে রাজীব দীর্ঘদিনের পরিচিত মুখ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই নেতা শুধু দলীয় সমর্থকদের মধ্যেই নয়, দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের কাছেও জনপ্রিয়। নগরীর বিভিন্ন সামাজিক ও নাগরিক ইস্যুতে তার সরব ভূমিকা তাকে একজন জনবান্ধব নেতা হিসেবে পরিচিত করেছে। 

ছাত্ররাজনীতি থেকেই রাজীবের রাজনৈতিক যাত্রা শুরু। জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে তিনি ধীরে ধীরে নিজেকে গড়ে তোলেন। তোলারাম কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি হিসেবে নির্বাচিত হওয়ার মাধ্যমে তিনি প্রথম বড় পরিসরে নেতৃত্বের স্বীকৃতি পান। সেই সময় থেকেই ছাত্র ও তরুণ সমাজের মধ্যে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়, যা আজও অটুট রয়েছে।

তরুণদের কাছে রাজীবের জনপ্রিয়তার পেছনে অন্যতম কারণ তার সহজ যোগাযোগ ও বাস্তবমুখী চিন্তাভাবনা। রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা, সংকটে মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা এবং কর্মীদের মূল্যায়নের প্রবণতা তাকে আলাদা করে চিহ্নিত করেছে।

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ঘিরে বিএনপির ভেতরে সম্ভাব্য প্রার্থীদের নাম আলোচনায় এলেও রাজীবের নামটি বারবার সামনে আসছে। দলীয় সূত্রগুলো বলছে, দায়িত্বে সফলতা, সংগঠন পরিচালনার অভিজ্ঞতা এবং নগরবাসীর মধ্যে গ্রহণযোগ্যতা এই তিনটি দিকই তাকে মেয়র প্রার্থীর দৌড়ে এগিয়ে রেখেছে।

সব মিলিয়ে বলা যায়, জাতীয় সংসদ নির্বাচনের সাফল্যের ধারাবাহিকতায় এবার নগর রাজনীতির বড় মঞ্চে রাজীবের সম্ভাব্য ভূমিকা নিয়ে আগ্রহ বাড়ছে। শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত যাই হোক, নারায়ণগঞ্জের রাজনীতিতে মাসুকুল ইসলাম রাজীব যে একটি গুরুত্বপূর্ণ নাম সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই।