ঈদ উপহার বিতরণ
নারায়ণগঞ্জে পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহার তুলে দিয়েছেন প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান।
মঙ্গলবার (১৭ মার্চ) নগর ভবন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
এসময় সাখাওয়াত হোসেন খান শহরকে পরিচ্ছন্ন রাখতে কর্মীদের অবদানের প্রশংসা করে বলেন, এই কর্মীদের নিরলস পরিশ্রমের ফলেই নগরবাসী একটি স্বাস্থ্যসম্মত পরিবেশে বসবাস করতে পারছে। তাই উৎসবের সময় তাদের পাশে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, এই কর্মসূচির আওতায় মোট ১ হাজার ১৩৫ জন পরিচ্ছন্নতাকর্মীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে দেওয়া হচ্ছে যার মোট পরিমাণ দাঁড়ায় ৫৬ লাখ ৭৫ হাজার টাকা।
এ সময় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নূর কুতুব উল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, সমাজকল্যাণ কর্মকর্তা এ কে এম ফরিদুল মিরাজ, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হেমায়েত উদ্দিন এবং পরিচ্ছন্নতা কর্মকর্তা আলমগীর হিরণ প্রমূখ।

