হকারদের বাধার মুখে সাখাওয়াত
নারায়ণগঞ্জ শহরের কালিবাজার এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনার সময় হকারদের বাধার মুখে পড়েন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক এড. মো. সাখাওয়াত হোসেন খান।
সোমবার (৮ জুন) দুপুরে শহরের কালিবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে নাসিকের উদ্যোগে কালিবাজার এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নাসিক প্রশাসক এড. মো. সাখাওয়াত হোসেন খান। এ সময় সড়ক ও ফুটপাতে অবৈধভাবে স্থাপিত দোকানপাট এবং বিভিন্ন স্থাপনা অপসারণের কার্যক্রম শুরু হলে কয়েকজন হকার ও ব্যবসায়ী এর প্রতিবাদ জানান।
একপর্যায়ে হকাররা অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে প্রশাসনের উপস্থিতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়। পরে অভিযান অব্যাহত রেখে ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম পরিচালনা করা হয়।
নাসিক সূত্র জানায়, নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করা এবং যানজট কমানোর লক্ষ্যে নিয়মিতভাবে অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
এবিষয়ে জানতে নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেনকে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেনি।

