রোববার, ১৪ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

অজ্ঞাত অসহায়দের চিকিৎসায় বিশেষ ইউনিট চাইলেন খোরশেদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:১৬, ১৪ জুন ২০২৬

অজ্ঞাত অসহায়দের চিকিৎসায় বিশেষ ইউনিট চাইলেন খোরশেদ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রাস্তাঘাটে পড়ে থাকা অজ্ঞাত, অসহায় ও পরিচয়হীন অসুস্থ মানুষের চিকিৎসা নিশ্চিত করতে সরকারি হাসপাতালে পৃথক ইউনিট চালুর দাবি জানিয়েছেন মানবিক সংগঠন ‘টিম খোরশেদ’ এবং নাগরিক সংগঠন ‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’-এর আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

রোববার (১৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে খোরশেদ বলেন, নারায়ণগঞ্জের দুটি সরকারি হাসপাতালের যেকোনো একটিতে অন্তত দুই থেকে তিন শয্যার একটি বিশেষ ইউনিট চালু করা হলে রাস্তায় পড়ে থাকা পরিচয়হীন ও অসুস্থ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হবে। এ বিষয়ে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, সিভিল সার্জন এবং ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়কের দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি বলেন, গত পাঁচ বছর ধরে টিম খোরশেদ স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষের চিকিৎসা ও মানবিক সহায়তায় কাজ করে যাচ্ছে। এসব রোগীর অধিকাংশই দীর্ঘদিন অযত্নে থাকায় তাদের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ও পচন সৃষ্টি হয়। অনেক সময় তারা অত্যন্ত অপরিচ্ছন্ন অবস্থায় থাকেন।

খোরশেদের দাবি, এ ধরনের রোগীদের হাসপাতালে ভর্তি করতে প্রায়ই অনীহা দেখা যায়। হাসপাতাল কর্তৃপক্ষের যুক্তি হচ্ছে, তাদের ভর্তি করলে সাধারণ রোগীদের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হতে পারে। বাস্তবতার দিক বিবেচনায় এ যুক্তির কিছুটা সত্যতা থাকলেও সমস্যাটির একটি স্থায়ী সমাধান প্রয়োজন বলে মনে করেন তিনি।

তিনি আরও বলেন, চিকিৎসা পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। পরিচয়হীন বা অসহায় হওয়ার কারণে কাউকে চিকিৎসা থেকে বঞ্চিত করা উচিত নয়। তাই সরকারি হাসপাতালের মধ্যে আলাদা একটি ছোট ইউনিট গড়ে তোলা হলে একদিকে এসব রোগী প্রয়োজনীয় চিকিৎসা পাবে, অন্যদিকে সাধারণ রোগীদের সেবাও ব্যাহত হবে না।

খোরশেদ জানান, প্রয়োজন হলে টিম খোরশেদ ও ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের স্বেচ্ছাসেবকরা ওই ইউনিটে ভর্তি হওয়া অজ্ঞাত রোগীদের পরিচর্যা ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তায় অংশ নিতে প্রস্তুত রয়েছে।

তিনি মানবিক বিবেচনায় দ্রুত এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।