শপথ গ্রহণ অনুষ্ঠান
নারায়ণগঞ্জ মহানগরের অধীন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বন্দর থানা পশ্চিম শাখার নবগঠিত ২০২৬ সেশনের কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) আয়োজিত অনুষ্ঠানে বন্দর থানা পশ্চিম শাখার সভাপতি মুহাম্মদ জিহাদ হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজমুল ইসলামের সঞ্চালনায় শপথ গ্রহণ ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা। তিনি নবগঠিত কমিটির সদস্যদের উদ্দেশ্যে বলেন, ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী ছাত্র আন্দোলনের কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি ২০২৬ সেশনকে সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে কর্মীদের আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বন্দর থানার সাবেক সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বন্দর থানা পশ্চিম শাখার সভাপতি ইসমাঈল হোসেন রাকিব।
বক্তব্যে ইসমাঈল হোসেন রাকিব বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে একজন শিক্ষার্থী নৈতিকতা, আদর্শ ও নেতৃত্বের গুণাবলি অর্জনের মাধ্যমে নিজেকে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে।
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। পরে বন্দর থানা পশ্চিম শাখার সভাপতি মুহাম্মদ জিহাদ হাসান ২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন এবং নবনির্বাচিত নেতাদের শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সদস্যরা সংগঠনের আদর্শ বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

