শুক্রবার, ১২ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বাজেটের প্রভাব নেই বাজারে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:২৯, ১২ জুন ২০২৬

বাজেটের প্রভাব নেই বাজারে

ফাইল ছবি

নতুন অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণার পর নারায়ণগঞ্জের কাঁচাবাজারে তেমন কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। বরং মৌসুমি সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় বেশিরভাগ সবজির দাম স্থিতিশীল রয়েছে, কিছু ক্ষেত্রে কমেছেও। এতে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।

শুক্রবার (১২ জুন) শহরের দিগুবাবুর বাজার, কালিরবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে গিয়ে দেখা যায়, গ্রীষ্মকালীন সবজির সরবরাহ পর্যাপ্ত থাকায় দাম নিয়ন্ত্রণে রয়েছে। পটল, ঢেঁড়স, ঝিঙে, চিচিঙ্গা, ধুন্দল ও করলা প্রতি কেজি ৪০ থেকে ৬০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। বেগুনের দাম আকার ও জাতভেদে ৫০ থেকে ৮০ টাকা। কাঁচা মরিচের দামও কিছুটা কমে ৬০ থেকে ৮০ টাকায় নেমে এসেছে।

এছাড়া দেশি পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকা এবং আলু ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে পেঁপে, মিষ্টি কুমড়া, শসা ও বিভিন্ন ধরনের শাকসবজির দামও আগের তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে।

বাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী মাহমুদ হাসান বলেন, “বাজেটের পর সাধারণত বাজারে অস্থিরতা দেখা যায়। এবার সেই পরিস্থিতি নেই। অন্তত সবজির বাজারে কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে।”

দিগুবাবুর বাজারের সবজি বিক্রেতা আব্দুল মালেক জানান, “মাঠে এখন সবজির উৎপাদন ভালো। সরবরাহ বেশি থাকায় দাম বাড়েনি। বরং কিছু সবজির দাম কমেছে।”

তবে সবজির বাজারে স্বস্তি থাকলেও মুরগি ও মাছের বাজারে তেমন পরিবর্তন দেখা যায়নি। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৫৫ থেকে ১৬০ টাকা, সোনালি ৩০০ থেকে ৩৩০ টাকা এবং দেশি মুরগি ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারে রুই, কাতল, মৃগেল, পাঙ্গাস, তেলাপিয়া ও কই মাছের দাম আগের মতোই রয়েছে। আকারভেদে রুই মাছ ৪০০ থেকে ৫৫০ টাকা, পাঙ্গাস ১৮০ থেকে ২০০ টাকা এবং তেলাপিয়া ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ইলিশের দামও তুলনামূলক উচ্চ পর্যায়ে রয়েছে।

এদিকে ডিমের বাজারেও স্থিতিশীলতা দেখা গেছে। প্রতি ডজন লাল ডিম ১৩০ টাকা এবং হাঁসের ডিম ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতাদের ভাষ্য, সবজির বাজারে স্বস্তি থাকলেও চাল, ডাল, ভোজ্যতেল ও অন্যান্য নিত্যপণ্যের দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। ফলে সার্বিকভাবে জীবনযাত্রার ব্যয় কমেনি।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, বাজেট ঘোষণার পর বাজারে কোনো ধরনের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি না হওয়ায় আপাতত স্বস্তি রয়েছে। তবে সামনের সপ্তাহগুলোতে সরবরাহ পরিস্থিতি ও পরিবহন ব্যয়ের ওপর নির্ভর করবে বাজারের গতিপ্রকৃতি।